বগুড়ার শেরপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ
শেরপুর প্রতিনিধি:
বগুড়ার-৫ (শেরপুর-ধুনট) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী গোলাম মো. সিরাজের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অফিসের ব্যানারসহ কিছু নির্বাচনী সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
শুক্রবার রাত ২টার পর থেকে ভোর ৪টার মধ্যে উপজেলার গাড়িদহ ইউনিয়নের কালসীমাটি গ্রামের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত নির্বাচনী কার্যালয়ে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন এবং শেরপুর থানার ওসি ইব্রাহিম আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় চা দোকানদার মিন্টু মিয়া জানান, রাত ২টা পর্যন্ত তিনি দোকানে ছিলেন। তখনও কার্যালয়ের লাইট জ্বলছিল। এরপর তিনি বাসায় চলে আসেন। রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে কোনো এক সময়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু বলেন, গাড়িদহ ইউনিয়নে ধানের শীষের পথসভায় বিপুল জনসাধারণের উপস্থিতি দেখে একটি রাজনৈতিক দল ঈর্ষান্বিত হয়ে ভোট বানচালের চেষ্টা করছে। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসবে।
শেরপুর থানার ওসি ইব্রাহিম আলী বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved © 2025 Coder Boss