বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: নি’হত ৩, দগ্ধ-আ’হত ৯
বগুড়া প্রতিনিধি :
পরিবারের জন্য ঈদের নতুন পোশাক ও উপহার নিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় চুরমার হয়ে গেল একাধিক পরিবারের স্বপ্ন। মুহূর্তের বিকট বিস্ফোরণে প্রাণ হারালেন ৩ জন, দগ্ধ ও আহত হয়েছেন আরও ৯ জন।
বুধবার (সকাল সাড়ে ৭টা) বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই ভয়াবহ দু’র্ঘটনা ঘটে। একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারানোর পর এতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।
নিহতরা হলেন—শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) এবং মাইক্রোবাস চালক রিন্টু (৪৭)।
এ ঘটনায় দগ্ধ ও আহত হয়েছেন ৯ জন। তারা হলেন—শিশু ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭) ও হামিম (৩০)।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবোঝাই মাইক্রোবাসটি ঈদের ছুটিতে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ছোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে মুহূর্তেই পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় অনেক যাত্রী বের হওয়ার সুযোগ পাননি এবং চালক গাড়ির ভেতরেই দগ্ধ হয়ে মারা যান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শেরপুর ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, ঘটনাস্থল থেকেই একজনের মরদেহ উদ্ধার করা হয় এবং আহতদের দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন জানান, হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃ’ত্যু হয়। এতে মৃতের সংখ্যা দাঁড়ায় ৩ জনে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
© All rights reserved © 2026 Coder Boss