হোমনায় এমপি অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়ার সঙ্গে শিক্ষক পরিবারের মতবিনিময় সভা
কুমিল্লা প্রতিনিধি:
হোমনা উপজেলা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
রবিবার (৮মার্চ) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিমল কৃষ্ণ হালদার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শিক্ষক সমাজের বিভিন্ন সমস্যা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (ভিপি) মুকুল, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অ্যাড. আজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং মহিলা দলের সভাপতি শেফালি বেগম। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সভায় অংশ নেন। সভায় বক্তারা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষক সমাজের মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার বিষয়ে মতামত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিম ভূঁইয়া বলেন, শিক্ষক সমাজই জাতি গঠনের মূল কারিগর। তাদের সম্মান ও মর্যাদা রক্ষা এবং একটি আধুনিক, নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষক সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার যে উদ্যোগ নিয়েছে তা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এসময় তিনি নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন, সেই লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
© All rights reserved © 2026 Coder Boss