শাজাহানপুরের খরনা হাটে গর্ভবতী গাভী জবাইয়ের অভিযোগ, কসাইকে তাড়াল বিক্ষুব্ধ জনতা
নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা হাটে গর্ভবতী গাভী জবাইয়ের অভিযোগে এক কসাইকে হাট থেকে তাড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ স্থানীয় জনতা।
রবিবার (৮ মার্চ) সকালে খরনা হাটে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কসাইয়ের নাম মিজান বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাটে একটি গাভী জবাই করার সময় কয়েকজন ক্রেতা ও উপস্থিত লোকজনের সন্দেহ হলে তারা বিষয়টি খতিয়ে দেখেন। পরে গাভীটি গর্ভবতী বলে অভিযোগ ওঠে। এতে হাটে উপস্থিত লোকজনের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে উত্তেজিত জনতা কসাই মিজানকে ধাওয়া করলে তিনি দ্রুত সেখান থেকে পালিয়ে যান। পরে বিক্ষুব্ধ জনতা তাকে হাট থেকে বের করে দেয়। কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে স্থানীয়রা জানান, অভিযুক্ত কসাই মিজান দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে হাট-বাজারে অসুস্থ ও গর্ভবতী গাভী জবাই করে আসছেন বলে অভিযোগ রয়েছে। তারা এমন অমানবিক ও আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
© All rights reserved © 2026 Coder Boss