পবিত্র রমজান মাসকে সামনে রেখে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি আজ থেকে কার্যকর হয়েছে। পবিত্র রমজান মাসে সরকারি অফিসের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এই নতুন রুটিন নির্ধারণ করা হয়েছে, যা রমজানের প্রথম দিন থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত বলবৎ থাকবে।
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) গত ১৬ ফেব্রুয়ারি এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে। নতুন সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং শেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়। অন্যদিকে, মতিঝিল থেকে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে প্রথম ট্রেন চলবে সকাল সোয়া ৭টায় এবং সর্বশেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে যাত্রা করবে।
যাত্রীদের চাপ বিবেচনায় ট্রেন চলাচলের মধ্যবর্তী সময় বা হেডওয়ে ৫ থেকে ২০ মিনিট নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে অফিসগামী যাত্রীদের সুবিধার্থে ব্যস্ত সময়ে সাড়ে ৫ থেকে ৬ মিনিট পরপর ট্রেন চলবে।
রমজানে ইফতারের সময় বিবেচনায় কিছু বিধিনিষেধ শিথিল করেছে কর্তৃপক্ষ। নতুন নির্দেশনা অনুযায়ী, যাত্রীরা স্টেশন বা মেট্রোরেলের ভেতরে ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন মেঝেতে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে এবং খালি বোতল নির্ধারিত ডাস্টবিনে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পানি ছাড়া অন্য কোনো খাবার গ্রহণ নিষিদ্ধ থাকবে।
ডিএমটিসিএল জানিয়েছে, সাপ্তাহিক ছুটির দিন ও অন্যান্য সরকারি ছুটির দিনে মেট্রোরেল চলাচলের সময়সূচি আগের মতোই অপরিবর্তিত থাকবে। কেবল কর্মদিবসে এই নতুন সময়সূচি কার্যকর হবে।
© All rights reserved © 2026 Coder Boss